২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ
২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ, ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে নিবন্ধন
২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
এর আগে, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।
রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এদিকে, সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, হোটেল, ক্যাটারিং, পরিবহন ও অন্যান্য সেবা প্যাকেজের চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি।
হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে। এছাড়া হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।